সাংবাদিকদের হুমকির ঘটনায় জৈন্তাপুর প্রেসক্লাবের নিন্দা, হুমকিদাতাদের শাস্তি দাবি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
শিক্ষাবিষয়ক পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, কার্যালয় ঘেরাও এবং মব সৃষ্টির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাব। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সম্পাদক, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) জৈন্তাপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সভাপতি গোলাম সরোয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, সংবাদমাধ্যমের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেওয়া এবং মব সৃষ্টির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি থাকলে প্রচলিত আইন ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু হুমকি, হামলা কিংবা মব সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরোয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক, সাংবাদিক এবং সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের হুমকির ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে যাতে কেউ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সাহস না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাদের দ্রুত শনাক্তকরণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
ঘটনার সূত্রপাত
প্রকাশিত সংবাদ অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী পরিচয়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের চেষ্টার অভিযোগ নিয়ে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর পত্রিকা দুটির কার্যালয় ঘেরাও, মব সৃষ্টি এবং সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিক ও সংবাদকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।