জৈন্তাপুরে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো জব্দ, গ্রেপ্তার ৪
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ চারজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। এ সময় টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। পরে টমেটো পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) ও সাইদুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, উদ্ধার করা টমেটোর আনুমানিক মূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। জব্দ করা দুটি পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।