logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে টিআরসি নিয়োগ পরীক্ষার প্রথম দিনে উত্তীর্ণ ৭২৮ প্রার্থী

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জে টিআরসি নিয়োগ পরীক্ষার প্রথম দিনে উত্তীর্ণ ৭২৮ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১ হাজার ৩৯৩ জন প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৭২৮ জন উত্তীর্ণ হয়েছেন।


জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে পুরুষ ছিলেন ১ হাজার ১৯৮ জন এবং নারী ১৯৫ জন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে উত্তীর্ণ ৭২৮ জনের মধ্যে পুরুষ ৬৯৩ জন এবং নারী ৩৫ জন।


নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তিনি প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনা তদারকি করেন।


এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার এআইজি মো. মনিরুজ্জামান (আর্মস অ্যান্ড অ্যামুনিশন), অতিরিক্ত পুলিশ সুপার (কনফিডেনশিয়াল শাখা) ফাতেমা-তুজ-জহরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন, পিপিএম। এ ছাড়া সুনামগঞ্জের সিভিল সার্জন মনোনীত দুই চিকিৎসক এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিং দেন। উত্তীর্ণ প্রার্থীদের শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে জেলাভিত্তিক নির্ধারিত সূচি অনুযায়ী সুনামগঞ্জে টিআরসি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18966
Page of