logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ছাতা প্রতীকের পক্ষে প্রচারণায় সরব সমর্থকেরা, জমে উঠেছে ভোটের লড়াই

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৫ নভেম্বর, সভাপতি পদে আলোচনায় মোহাম্মদ আলী

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৫ নভেম্বর, সভাপতি পদে আলোচনায় মোহাম্মদ আলী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১২২৩)-এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ও সমর্থকদের তৎপরতায় সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন পরিবহন স্ট্যান্ড।


এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী। তাঁর নির্বাচনী প্রতীক ‘ছাতা’। নির্বাচনী প্রচারণা, শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমর্থকদের সক্রিয় উপস্থিতির কারণে সভাপতি পদে তাঁকে নিয়ে শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। তাঁর সমর্থকদের দাবি, ছাতা প্রতীকের পক্ষে সাধারণ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।


নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের গণসংযোগও বেড়েছে। বাস, মিনিবাস, জিপ, কার ও লাইটেস পরিবহনের শ্রমিকদের মধ্যে চলছে ভোটের হিসাব-নিকাশ। বিভিন্ন পরিবহন স্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের স্বার্থ রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।


মোহাম্মদ আলীর সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার চেষ্টা করেছেন। শ্রমিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার মনোভাবের কারণে সভাপতি পদে তাঁর প্রতি অনেকের আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁরা।


সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, “আমি সবসময় পরিবহন শ্রমিক ভাইদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আগামী ১৫ নভেম্বর ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে শ্রমিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”


সব মিলিয়ে শ্রীমঙ্গল উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, সমর্থকদের প্রচার এবং ভোটারদের প্রত্যাশার মধ্য দিয়ে নির্ধারিত হবে সংগঠনের আগামী দিনের নেতৃত্ব। আগামী ১৫ নভেম্বর ভোটের ফলেই জানা যাবে শ্রমিকদের আস্থার প্রতিফলন কার পক্ষে যায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18961
Page of