গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, বন্ধ যান চলাচল
গাজীপুর : বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এদিকে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা।
শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর আগেও বিভিন্ন সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।