logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১০ নভেম্বর ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম।


গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান (৬২) এবং পইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনাম মিয়া (৪৮)।


পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন—এনাম মিয়া, আব্দুল মান্নান, মো. ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়া। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


অন্যদিকে, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম ও নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়ার বিরুদ্ধে আগে থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে পৃথক মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে এবং পৃথক বৈষম্যবিরোধী মামলায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18807
Page of