logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্য, গর্বিত জৈন্তাপুর

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্য, গর্বিত জৈন্তাপুর

জাহিদুল ইসলাম :

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর অধ্যবসায় যে সাফল্যের পথ তৈরি করতে পারে, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তান সাজু আহমদ। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত থাকা অবস্থায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। সিলেট জেলা থেকে সুপারিশপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন এই তরুণ।


সাজু আহমদ উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মখলিছ মিয়ার পঞ্চম ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিজের পেশাগত অবস্থানকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই চালিয়ে গেছেন প্রস্তুতি।


জানা যায়, ২০২৩ সালে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন সাজু। চাকরিজীবনের শুরুতে কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দায়িত্ব পান হবিগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমে। কর্মব্যস্ততার মধ্যেও নিজের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন তিনি।


ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট জেলার প্রার্থী হিসেবে প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেন সাজু আহমদ। গত ২১ থেকে ২৩ জুন অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রতিটি ধাপে উত্তীর্ণ হন। এরপর ৩১ জুলাই ও ১ আগস্ট লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সফল হন। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন তিনি।


পরবর্তী সময়ে ২৯ সেপ্টেম্বর সিলেট রেঞ্জ অফিসে মৌখিক পরীক্ষায় অংশ নেন। নিয়োগের প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করার পর গত ৩ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে নিয়োগের জন্য তাঁর নাম সুপারিশ করা হয়।


সাজুর এই অর্জনে পরিবার-পরিজনের পাশাপাশি আনন্দিত তাঁর নিজ গ্রাম ও এলাকাবাসী। বিশেষ করে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে এএসআই পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।


নিজের সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে সাজু আহমদ বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস, মা-বাবার দোয়া, সবার ভালোবাসা এবং নিজের পরিশ্রম ও ধৈর্যের কারণেই এ পর্যায়ে আসতে পেরেছেন। এ জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বড় ভাই শামীম আহমেদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। চিকনাগুলের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাইয়ের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে বলে জানান সাজু। ভবিষ্যতেও সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।


ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সাজু বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশের দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান। ন্যায়নিষ্ঠা বজায় রেখে হালাল উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


জৈন্তাপুরের প্রত্যন্ত গ্রামের একজন তরুণের এমন সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর এই অর্জন এলাকার তরুণদের পড়াশোনা, পরিশ্রম ও লক্ষ্য অর্জনে নতুন করে উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18701
Page of