logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

স্মার্টফোনে নয়, বই পড়া ও সৃজনশীলতায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
স্মার্টফোনে নয়, বই পড়া ও সৃজনশীলতায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে বিদ্যালয়ভিত্তিক পাঠাগার ও পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।


তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা সীমাবদ্ধ রাখলে চলবে না। আনন্দের সঙ্গে গল্প, ইতিহাস, বিজ্ঞানসহ জ্ঞানভিত্তিক বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য বিদ্যালয়গুলোতে পাঠাগার ও পাঠচক্র কার্যক্রম আরও কার্যকর করতে হবে।


বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলার স্কুল ও পাঠাগারসমূহে ‘আনন্দ পাঠের আসর’ শীর্ষক পাঠচক্রের উদ্বোধন এবং শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বই পড়ার মধ্যে আনন্দ রয়েছে, নতুন কিছু জানার মধ্যেও রয়েছে আলাদা আনন্দ। শিক্ষার্থীদের স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে বই পড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হতে হবে। পাঠাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি জ্ঞান ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম।


ইতিহাসের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাগদাদের ‘বাইতুল হিকমা’ গ্রন্থাগার জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং ইসলামের সুবর্ণ যুগের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।


শিক্ষার্থীদের উদ্দেশে নিজের বই পড়ার অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ পড়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পাঠ্যবইয়ের প্রয়োজনে গল্পগুচ্ছ পড়তে শুরু করলেও গল্পগুলোর প্রতি আগ্রহ তৈরি হওয়ায় পরবর্তী সময়ে আনন্দের জন্য বইটি পড়ার অভ্যাস গড়ে ওঠে। শিক্ষার্থীদেরও আনন্দের জন্য বেশি বেশি বই পড়ার আহ্বান জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের জ্ঞান ও মেধার বিকাশে নিয়মিত পাঠাভ্যাস অত্যন্ত জরুরি। ইন্টারনেটে নানা ধরনের তথ্য ও জ্ঞানভিত্তিক উপকরণ রয়েছে। তবে সেসব থেকে প্রকৃত উপকার পেতে হলে অনুসন্ধান ও মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।


শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সেই বিনিয়োগের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে। জিডিপি বা মোট দেশজ উৎপাদনের ধারণা ব্যাখ্যা করে শিক্ষার্থীদের অর্থনীতি ও রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কে জানার আগ্রহ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।


শিক্ষার্থীদের শুধু তথ্য গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিষয়বস্তু বুঝে শেখা এবং নিজেদের মতামত প্রকাশের চর্চা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বই পড়া, গণিতসহ বিভিন্ন বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান।


হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জেসি উড, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনীন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম।


এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18615
Page of