logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
লাখাইয়ে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব (৫২৫৩তম) তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।


উপজেলার বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ আয়োজন করা হয়। মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাকে স্বাগত জানান।


শঙ্খধ্বনি, ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শত শত কৃষ্ণভক্তের অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।


শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোড়াকুরি বড় আখড়া, বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির ও রাঢ়িশাল মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ হয়ে পুনরায় আনন্দময়ী কালী মন্দিরে গিয়ে শেষ হয়।


মোড়াকুরি বড় আখড়া থেকে বের হওয়া শোভাযাত্রায় সভাপতিত্ব করেন বিশ্বজিৎ ভট্টাচার্য। এতে মোড়াকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা, লাখাই উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামের শত শত সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণভক্ত শোভাযাত্রায় অংশ নেন।


লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত বলেন, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। এদিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।


তিনি আরও বলেন, লাখাই থানার ওসি শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেছে।


শোভাযাত্রা শেষে আয়োজিত সভায় বক্তব্য দেন আশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের সদস্য সচিব রনজিত দেব, পূজা ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব, করাব ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি পরেশ সূত্রধর, বুল্লা ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি শুভ মোদক, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শমিরন শীল, নিপেশ সরকার, অর্জুন মোদক, জনক চন্দ্র দেব, সরদার, দুর্লব সরকার, উজ্জল দেব ও দিলীপ সূত্রধর প্রমুখ।


শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে লাখাইয়ের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17429
Page of