বালাগঞ্জের মাদ্রাসাবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসাবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ মেসার্স প্রিয়া ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় মাদ্রাসাবাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম মেসার্স প্রিয়া ট্রেডার্সের মালিক (প্রোপ্রাইটর)। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর ২টার দিকে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে সিলিংয়ের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাদ জুমা আনুমানিক সোয়া ২টার দিকে স্থানীয় পথচারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে সিরাজুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের আগে বা পরে কোনো একসময় তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি স্থানীয় সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী রুনা বেগম, ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।