মাদকবিরোধী টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড
সেলিম মাহবুব, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জ 'খ' সার্কেল এবং ছাতক থানা পুলিশের যৌথ উদ্যোগে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ছাতক উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে ছাতক ও গোবিন্দগঞ্জে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং ছাতক থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।