logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৬ জুলাই ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচংয়ে ১,৮০০ কৃষকের হাতে বিনামূল্যে সার-বীজ, ৪০০ জন পেলেন বৃক্ষের চারা

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুলাই ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুলাই ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
বানিয়াচংয়ে ১,৮০০ কৃষকের হাতে বিনামূল্যে সার-বীজ, ৪০০ জন পেলেন বৃক্ষের চারা

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফশী রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সবুজায়ন কর্মসূচির আওতায় ৪০০ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, বাঁশের খুঁটি ও গোবর সার।

বানিয়াচং প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের পাশে সরকারের সহায়তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।


সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে উফশী রোপা আমনের বীজ, রাসায়নিক সার এবং বৃক্ষের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী এবং সহ-সভাপতি মোশারফ হোসেন।


উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সারসহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।


এছাড়া সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪০০ জন উপকারভোগীর প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি গোবর সার দেওয়া হয়, যাতে তারা সহজেই চারা রোপণ ও পরিচর্যা করতে পারেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফলন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


বিনামূল্যে সার, বীজ ও বৃক্ষের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। তারা বলেন, সরকারের এ সহায়তা তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা যোগাবে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরিবার ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16306
Page of