সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, তরুণ খেলোয়াড়দের নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন শ্রমমন্ত্রী
নিউজ ডেস্ক।
আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।
বুধবার (২০ মে) সিলেট জেলা স্টেডিয়াম-এ চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন। সেই ধারাবাহিকতাই প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল কুদ্দুছ চৌধুরী, আশরাফুর রহমান, মো. সারওয়ার আলম, মো. আনোয়ারুল হক এবং এমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।