কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, চোরাচালানের মালামাল আটক
স্টাফ রিপোর্টার।
সিলেট জেলার সীমান্ত এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, গরু ও পানসহ মোট ৩৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টা (১৯০০ ঘটিকা) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার মেইন পিলার ১৩১৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৬৩ কেজি ভারতীয় জিরা এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়, যার সিজার মূল্য ২৩,৯৫,৬০০ টাকা।
এছাড়া ১২ ও ১৩ মে ২০২৬ তারিখে বিজিবির লোভাছড়া বিওপি, গুয়াবাড়ি বিওপি এবং সুরাইঘাট বিওপির পৃথক পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৮০ কেজি ভারতীয় চিনি, ৩টি গরু এবং ১০৫ বিরা পান জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১২,২৯,১০০ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়ায় ৩৬,২৪,৭০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।