ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সমাপনী, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরলেন এমপি লুনা
ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি এবং পুষ্টিহীনতা দূর করতে পরিবার, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মেধাবী ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও পুষ্টির ভূমিকা অপরিসীম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
এছাড়া বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি মো. মুর্শেদুল আলম ভূইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুসলিম আহমদ।
সমাপনী পর্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।