logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০১ মে ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাওর রক্ষায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ এখন সময়ের দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ০১ মে ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ মে ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন
হাওর রক্ষায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ এখন সময়ের দাবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের হাওরাঞ্চল প্রতি বছরই বন্যা ও অকাল প্লাবনের ঝুঁকিতে থাকে। কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা হাওরের ওপর নির্ভরশীল হওয়ায় সামান্য দুর্যোগও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে বাঁধ ভেঙে গেলে কৃষকের বছরের সমস্ত পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়।


এ প্রেক্ষাপটে শুধু অর্থ বরাদ্দ নয়, বরং প্রযুক্তিনির্ভর টেকসই ব্যবস্থাপনা এখন সময়ের দাবি বলে মনে করছেন কৃষকরা। হাওরের বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আধুনিক যন্ত্রপাতি, যেমন এক্সকাভেটর ও ভেকু ব্যবহারের উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এসব যন্ত্র যদি সরকারি তত্ত্বাবধানে প্রতিটি উপজেলায় সংরক্ষিত থাকে, তবে দুর্যোগের মুহূর্তে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।


বর্তমানে প্রায়ই দেখা যায়, বাঁধ মেরামত কিংবা নির্মাণকাজে দেরি হয় এবং অনেক ক্ষেত্রে কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু উপজেলা প্রশাসনের অধীনে নিজস্ব যন্ত্রপাতি সংরক্ষিত থাকলে জরুরি মুহূর্তে ঠিকাদারের ওপর নির্ভর করতে হবে না। এতে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে এবং কাজের গুণগত মানও নিশ্চিত করা সম্ভব হবে।


হাওরপাড়ের কৃষকদের মতে, হাওর রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। স্যাটেলাইট মনিটরিং, ড্রোন সার্ভে এবং ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো আগেভাগেই শনাক্ত করা সম্ভব। এর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলারও দাবি জানিয়েছেন তারা।


বিশেষজ্ঞরা মনে করেন, হাওর অঞ্চলের নদী ও খাল নিয়মিত খনন করা অত্যন্ত জরুরি। নদী-খাল খনন হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং আকস্মিক প্লাবনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এতে কৃষকদের দুর্দশাও লাঘব হবে।


সংশ্লিষ্টদের মতে, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে উপজেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা নিশ্চিত করে এবং নদী-খাল খননের কার্যক্রম জোরদার করে, তবে হাওরাঞ্চলের মানুষ অনেকাংশে দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পাবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15087
Page of