logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে বিদ্যুৎ সেবায় চরম দুর্ভোগ: লোডশেডিংয়ের সঙ্গে মিটার ও খুঁটি সংকটে ভোগান্তি চরমে

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জে বিদ্যুৎ সেবায় চরম দুর্ভোগ: লোডশেডিংয়ের সঙ্গে মিটার ও খুঁটি সংকটে ভোগান্তি চরমে

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় চরম সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি নতুন মিটার ও খুঁটি সংযোগ পেতে দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।


অভিযোগ রয়েছে, মিটারের জন্য আবেদন করে নির্ধারিত জামানত জমা দেওয়ার পরও মাসের পর মাস অপেক্ষা করেও অনেকেই সংযোগ পাচ্ছেন না। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী ‘এক খুঁটি ফ্রি’ সুবিধা থাকার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের। এতে অতিরিক্ত ব্যয় ও সময়ক্ষেপণের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।


ঝড়-বৃষ্টির সময় জকিগঞ্জের বিভিন্ন এলাকায় টানা তিন থেকে চার দিন পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


সুলতানপুর ইউনিয়নের সখড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গত বছরের ২৪ এপ্রিল খুঁটির জন্য আবেদন ও জামানত জমা দিলেও এখনো খুঁটি পাননি। বিদ্যুৎ না থাকায় তাঁর বাড়ির নির্মাণকাজ বন্ধ রয়েছে।


জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহেদ আহমদ জানান, মিটারের জন্য দীর্ঘদিন আগে আবেদন করলেও এখনো সংযোগ না পাওয়ায় ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছে।


গেছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, আবেদন প্রক্রিয়া শেষে এলাকায় খুঁটি এলেও একটি দালাল-ঠিকাদার চক্র টাকা নিয়ে কাজ বন্ধ করে দেয়। ফলে কয়েকটি পরিবার এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।


পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জকিগঞ্জে সহস্রাধিক গ্রাহক আবেদন ও জামানত জমা দিলেও মিটার সংকটের কারণে নতুন সংযোগ দেওয়া যাচ্ছে না। বর্তমানে এলাকার বিদ্যুতের চাহিদা প্রায় ১২ মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৫.৯৬ মেগাওয়াট।


স্থানীয়ভাবে জানা গেছে, চলতি এপ্রিল মাসে প্রায় ৫০টি মিটার সংযোগ দেওয়া হলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন, তদবির ও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এসব সংযোগ দেওয়া হয়েছে।


জকিগঞ্জ জোনাল অফিসের ইলেক্ট্রিশিয়ানরা জানান, কয়েক মাস ধরে নতুন সংযোগ কার্যত বন্ধ রয়েছে। পর্যাপ্ত মিটার না থাকায় তারা গ্রাহকদের প্রশ্নের মুখে বিব্রত হচ্ছেন।


এ বিষয়ে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছারওয়ার জাহান বলেন, “মিটার সংকটের কারণে নতুন সংযোগ দেওয়া যাচ্ছে না। যে মিটার পাওয়া যাচ্ছে, তা দিয়ে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। নতুন সংযোগ আপাতত বন্ধ রয়েছে। খুঁটির আবেদন কার্যক্রমও স্থগিত আছে।”


স্থানীয়দের দাবি, দ্রুত মিটার ও খুঁটির সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ সেবা স্বাভাবিক করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15067
Page of