মহানগরে এক দিনে তিন অভিযান, জিরা-ভেজাল পণ্যসহ গ্রেফতার ৩
সিলেট মহানগরে পৃথক তিনটি অভিযানে ভারতীয় জিরা জব্দ, ভেজাল খাদ্যপণ্য ধ্বংস এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে এসএমপি ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।
প্রথম ঘটনায়, ১৮ এপ্রিল আনুমানিক রাত ১৯:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালী মডেল থানাধীন চারাদিঘীরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ডিআই পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৮-২৭৬৮) থেকে ৩৫ বস্তায় মোট ১,০৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় রনি আহমদ (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
দ্বিতীয় ঘটনায়, ১৯ এপ্রিল দুপুর ১৩:৪৫ ঘটিকা থেকে বিকাল ১৭:৫০ ঘটিকা পর্যন্ত সিটিএসবি জালালাবাদ জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট একটি অভিযান পরিচালনা করে। জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার সংলগ্ন লামারগাঁও এলাকায় একটি বাড়িতে অবৈধভাবে কেমিক্যাল মিশিয়ে সবুজ রঙের ভেজাল মটরশুটি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ ও ধ্বংস করা হয় এবং অভিযুক্ত মলয় চৌধুরীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উৎপাদনস্থলটি সিলগালা করা হয়।
তৃতীয় ঘটনায়, একই দিন ১৯ এপ্রিল দুপুর ১৪:২৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পপি আক্তার (৩৫) ও শিউলী আক্তার (৩০)। তল্লাশিতে পপি আক্তারের কাছ থেকে চোরাইকৃত ১১,৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা নং-৩৩ রুজু হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পপি আক্তারের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।