logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০৯ এপ্রিল ২০২৬ ১০:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিসিবি বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১০:২৫ অপরাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
বিসিবি বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন


বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটি ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালন পর্ষদ এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে প্রধান করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে।


মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের অধীনে গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই বিসিবির বিদ্যমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে প্রথমে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়, এরপরই জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা International Cricket Council (আইসিসি)-কেও ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


আমিনুল এহসান বলেন, বিসিবির সর্বশেষ নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অনিয়ম ও দুর্বলতা ছিল। এনএসসি দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এবং অনিয়ম দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন যথাযথভাবে পর্যালোচনা করে আইনি কাঠামোর মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বহাল থাকবে বলে তারা আশাবাদী।


নতুন এডহক কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।


ঘোষণা অনুযায়ী, এই এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে তারা বিসিবির নিয়মিত কার্যক্রম পরিচালনায় নির্বাচিত বোর্ডের মতোই পূর্ণ ক্ষমতা ভোগ করবে।


উল্লেখ্য, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঘটনার ছয় মাসের মধ্যেই তিনি এখন দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষ দায়িত্বে আসীন হলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14631
Page of