logo
চ্যানেল জৈন্তা নিউজ
আন্তর্জাতিক ৩০ মার্চ ২০২৬ ১১:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে আইএলওতে ৪৭ দেশের অভিনন্দন ও পূর্ণ সমর্থন

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মার্চ ২০২৬ ১১:০৭ অপরাহ্ন আন্তর্জাতিক
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মার্চ ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে আইএলওতে ৪৭ দেশের অভিনন্দন ও পূর্ণ সমর্থন

জেনেভা: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে ৪৭টি দেশ অভিনন্দন জানিয়েছে এবং পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বলে স্বীকৃতি দিয়ে দেশগুলো পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে।

সোমবার আইএলওর গভর্নিং বডিতে বাংলাদেশের শ্রমখাত সংস্কার সংক্রান্ত আলোচনায় এ সমর্থন প্রকাশ করা হয়। আলোচনায় বাংলাদেশ সরকার নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে।

২০১৯ সালের জুনে আওয়ামী লীগ সরকারের আমলে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালে পাঁচ বছর মেয়াদি শ্রমখাত সংস্কার রোডম্যাপ প্রণয়ন করা হয়। গত পাঁচ বছরে এই রোডম্যাপ নিয়ে আটটি অধিবেশনে আলোচনা হয়েছে।


বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রমসচিব আব্দুর রহমান তরফদারও উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে উপদেষ্টা মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সকলকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বিপুল ভোটে এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে। নির্বাচনী ইশতেহারে মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

উপদেষ্টা জানান, বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫-কে আইনে রূপান্তরের জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সংশোধনী প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। তিনি শ্রমিক অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আইএলওসহ সকলের সহযোগিতা কামনা করেন।


আলোচনায় ১৯টি দেশ, আরব গ্রুপ (২২ সদস্য), উপসাগরীয় অঞ্চলের গ্রুপ (৬ সদস্য) এবং মালিকপক্ষ বাংলাদেশ সরকারের শ্রমখাতে নেওয়া পদক্ষেপের প্রশংসা করে। ১৪টি দেশসহ আরব গ্রুপ, উপসাগরীয় গ্রুপ ও মালিকপক্ষ মামলাটি দ্রুত তুলে নেওয়ার জোর দাবি জানায়।


ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা শ্রম আইন সংশোধন, পরিদর্শক নিয়োগসহ অগ্রগতির প্রশংসা করে রোডম্যাপ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানায়।


দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মামলাটির পরবর্তী আলোচনা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14443
Page of