বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
অনলাইন ডেস্ক।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নাম চূড়ান্ত করা হয়েছে।
রেজাউল করিম বাদশা বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি বগুড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, “দল তাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চাই”।
শিগগিরই নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করবেন বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট। পরে ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন প্রধানমন্ত্রী।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।
তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।