‘মানুষ বেঁচে থাকে কর্মে’—আবু তাহেরের স্মরণে মদন মোহন কলেজে শোকসভা
সিলেট :
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রয়াত সহকর্মীর কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলী হাসান পারভেজের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন অধ্যাপক মো. আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক আদিবা খানম, অধ্যাপক হোসনে আরা কালামী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক জেবা আমাতুল হান্না, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক সুয়েবুর রহমান ও অধ্যাপক মো. যুন্নুরাইন।
এ ছাড়া অফিস কর্মকর্তাদের পক্ষে মালেক খাঁন এবং কর্মচারীদের পক্ষে কলেজ সহায়ক কর্মচারী ঐক্য ফ্রন্টের সভাপতি হাবিবুর রহমান ও হেলাল উদ্দিন বক্তব্য দেন।
শোকসভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার বলেন, ‘মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে।’ অকালপ্রয়াত আবু তাহের ছিলেন একজন সজ্জন, কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল সহকর্মী। তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতেন। এমন একজন সহকর্মীর হঠাৎ বিদায় নেওয়া অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক।
শোকসভায় বক্তারা প্রয়াত আবু তাহেরের কর্মজীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. যুন্নুরাইন।