logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ নভেম্বর ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মতবিনিময় সভায় প্রশংসা, ১৯ নভেম্বরের কর্মসূচি প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা করায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট বিএনপির অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন
জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা করায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট বিএনপির অভিনন্দন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ অভিনন্দন জানান।


গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যোগাযোগবিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল।


সভায় বক্তারা বলেন, জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিনন্দন ও কৃতজ্ঞতার দাবিদার।


সভায় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।


এ ছাড়া আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।


বক্তারা আরও বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডিসেম্বরজুড়ে বিএনপির ঘোষিত সব কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


সভায় গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19042
Page of