logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৩ নভেম্বর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

ঢাকা :


দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার আওতায় দেশের আটটি বিভাগে চিহ্নিত প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে পরিকল্পনার অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর মধ্য দিয়ে মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।


বিটিবি প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির কাছ থেকে যাচাইকৃত মহাপরিকল্পনা পাওয়ার আশা করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। চূড়ান্তকরণ প্রক্রিয়া সম্পন্ন এবং জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।


২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা


জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।


পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব স্থানের অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ জনবল উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব রয়েছে।


মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


গুরুত্ব পাবে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের পর্যটন


মহাপরিকল্পনায় সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক পর্যটন, গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং সম্মেলনভিত্তিক পর্যটন বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশও রয়েছে।


এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে এ খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।


প্রধানমন্ত্রী এর আগে জাতীয় সংসদে পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন। কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।


২০১৯ সালে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হলেও করোনা মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন পর্যায়ে পর্যালোচনার কারণে তা বারবার পিছিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর পরিকল্পনাটি চূড়ান্ত ও বাস্তবায়নের উদ্যোগ দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18948
Page of