সুনামগঞ্জে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে নির্ধারিত ফরমে আবেদন করার নির্দেশ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সরকারি প্রয়োজনে অধিগ্রহণ করা ভূমি ও সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ পেতে সংশ্লিষ্ট মালিক ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত ফরমে আবেদন করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬’-এর তফসিল-৩৬-এর নমুনা অনুযায়ী অধিগ্রহণকৃত ভূমি বা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ পেতে নির্ধারিত আবেদন ফরমে আবেদন জমা দিতে হবে।
নির্ধারিত আবেদন ফরম সুনামগঞ্জ জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট www.sunamganj.gov.bd-এর ‘শাখাভিত্তিক অনলাইন ফর্ম’ অংশে পাওয়া যাবে।
এতে আরও বলা হয়, অধিগ্রহণকৃত ভূমি বা সম্পত্তির মালিক, স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি কিংবা তাঁদের বৈধ প্রতিনিধিদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।