ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শান্তিগঞ্জে প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন দুই উপজেলার ৩০ জন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এবং প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার।
প্রশিক্ষণে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ২৮ জন তথ্য সংগ্রহকারী এবং দুজন সুপারভাইজার অংশ নিয়েছেন। তথ্য সংগ্রহ কার্যক্রম সহজ ও কার্যকর করতে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে ট্যাব বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক ধাপে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বাড়বে এবং তথ্য সংগ্রহের কাজে শৃঙ্খলা ও নির্ভুলতা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি ও কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।