সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: সৈয়দ আবদাল
সুনামগঞ্জ :
সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, সুনামগঞ্জের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা সরকারের অন্যতম উন্নয়ন অংশীদার। সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ রয়েছে। এসব কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি এবং জনজীবনে এর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে বক্তারা বলেন, উন্নয়ন কার্যক্রমের তথ্য জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা, জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারে ‘গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’, ‘সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ’ এবং ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেশন পরিচালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, তথ্য অফিসার মো. আকিকুর রেজা এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন। এতে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা গণমাধ্যমের দায়িত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার বিষয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।