logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৩ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
তথ্য অফিসের মতবিনিময় সভায় হাওর, বালুমহাল, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা নিয়ে নানা প্রশ্ন

উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট, সুনামগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট, সুনামগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য পেতে জটিলতা, প্রশাসনের সঙ্গে যোগাযোগের ঘাটতি, হাওরের কৃষি, বালুমহাল, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রদানে অনীহার অভিযোগ তুলে ধরেছেন সাংবাদিকরা।


শনিবার (৩ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে সিলেট আঞ্চলিক তথ্য অফিস। সহযোগিতায় ছিল সুনামগঞ্জ জেলা তথ্য অফিস। সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ভার্চুয়ালি বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।


প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রথম ছয় মাসের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।


উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। হাওরের কৃষি ও ধান সংগ্রহ কার্যক্রম নিয়ে তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাব, খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহসংক্রান্ত তথ্য পেতে জটিলতা এবং সরকারি বরাদ্দের তুলনায় বেশি ধান সংগ্রহের সুযোগ তৈরি হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।


জেলার বিভিন্ন বালুমহালে অনিয়ম ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও তোলেন সাংবাদিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানান তারা।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি এবং ‘মব জাস্টিস’-এর নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের অভিযোগের বিষয়েও আলোচনা হয়।


সম্প্রতি তাহিরপুরে পারিবারিক বিরোধের জেরে তিন সন্তানসহ এক ব্যক্তির বিষপানে আত্মহত্যার ঘটনাটিও আলোচনায় আসে। সাংবাদিকরা বলেন, এ ধরনের সামাজিক সংকটের পেছনের কারণ চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন।


স্বাস্থ্যসেবা নিয়েও বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতি এবং রোগীদের খাবারের মান নিয়ে অসন্তোষের বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।


এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রদানে অনীহা, নাগরিকদের সঙ্গে অসদাচরণ, ঘুষ-বাণিজ্যের অভিযোগ, বৈষম্যমূলক আচরণ ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিষয়েও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। রাস্তা, ঘাট, সেতু, কালভার্ট ও সরকারি ভবন নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধে কার্যকর নজরদারির দাবি জানানো হয়।


জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ নিয়ে ক্ষোভ


সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগও ওঠে সভায়। কয়েকজন সাংবাদিক জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে জটিলতার কথা তুলে ধরেন।


তাদের অভিযোগ, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সরকারি কর্মকাণ্ডের তথ্য প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সরকারি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করেও অনেক সময় সাড়া পাওয়া যায় না বলে কয়েকজন সাংবাদিক দাবি করেন। এ বিষয় নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে সাংবাদিকদের এমন অভিযোগের কথা উঠে এসেছে।


বালুমহালসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তাদের বক্তব্য, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে নিয়মিত তথ্য দেওয়া হলে জনগণের কাছে উন্নয়ন কর্মকাণ্ড আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। কয়েকজন সাংবাদিক জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাকে অন্যত্র বদলির দাবিও জানান। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সাংবাদিকরা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি উন্নয়ন বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয়ও তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে প্রকাশের সুযোগ থাকতে হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে সময়মতো তথ্য পাওয়া গেলে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।


সভায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সরকারের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা এবং জনগণের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য পৌঁছে দিতে তথ্য অধিদপ্তরের ভূমিকা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর সঙ্গে গণমাধ্যমের কার্যকর যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এআর জুয়েল, এনটিভির প্রতিনিধি গিয়াস চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল হক, ইত্তেফাক ও নিউজ২৪-এর প্রতিনিধি বোরহান উদ্দিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17994
Page of