logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—নওধার মাঝপাড়া গ্রামের মৃত আবদুল মোসাব্বেরের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজি বেগম (৩৬)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল নওধার মাঝপাড়া গ্রামে আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচে এবং বাড়ির পুকুরপাড়ে বাঁশের নিচে গর্ত করে রাখা একাধিক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


উদ্ধার করা মদের মধ্যে ‘অফিসার চয়েজ’ ও ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদ রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।


পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। জেল থেকে বের হওয়ার পর তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি নিজ বসতবাড়িতে কৌশলে মদের চালান মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছিলেন বলেও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘আব্দুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে।’


তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17773
Page of