logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সাঈদকে আটকে রাখার দাবি, টাকা না দিলে হত্যার হুমকি; থানায় জিডি

সিলেটে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে লাখ টাকা দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
সিলেটে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে লাখ টাকা দাবি

সিলেট :

সিলেটে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে এক ছাত্রকে মারধরের দৃশ্য ভিডিও কলে দেখিয়ে এবং ভিডিও পাঠিয়ে তাঁর বাবার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে ওই ছাত্রকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তাঁর বাবা।


এ ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষ নগরের শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের সন্ধানে কাজ চলছে।


নিখোঁজ দুই ছাত্র হলো—তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। তাদের দুজনের বয়স ১৫ বছর। তারা সিলেটের খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। তামিম দক্ষিণ সুরমার বড়াইকান্দি এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং সাঈদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মউগ্রামের বেবুল আহমদের ছেলে।


ফজরের নামাজের সময় মাদ্রাসা থেকে বের হয় দুই ছাত্র


মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজের সময়ের ফাঁকে দুই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সিলেটের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।


জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার ফজরের নামাজের সময় দুই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে তামিম আরও দুবার কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়িতে চলে গিয়েছিল। পরে তার বাবা এসে তাকে মাদ্রাসায় দিয়ে যান। এবার তামিম ও সাঈদ একসঙ্গে বের হয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাঁদের অভিভাবকদের জানানো হয়।


নিখোঁজ সাঈদের বাবা বেবুল আহমদের দাবি, বৃহস্পতিবার সকালে তাঁর মুঠোফোনের ইমো অ্যাপে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরে সন্ধ্যার দিকে ভিডিও কলে তাঁর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য দেখানো হয় এবং একটি ভিডিও পাঠানো হয়।


বেবুল আহমদ বলেন, পরে একটি বিকাশ নম্বর দিয়ে এক লাখ টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তবে কারা এই অর্থ দাবি করছে, সে বিষয়ে তিনি জানেন না।


তিনি আরও বলেন, ছেলেকে মাদ্রাসা থেকে বাড়িতে পাঠানো হয়েছে কি না, তা জানতে মাদ্রাসার শিক্ষক ফোন করেছিলেন। তখন তাঁরা জানান, নাঈম বাড়িতে ফেরেনি। এরপর সিলেটের বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছেলেকে পাওয়া যায়নি। ইমোতে বারবার কল দেওয়া হলেও অপর প্রান্ত থেকে তা রিসিভ করা হয়নি।


বেবুল আহমদ বলেন, ‘আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’


তামিমের সন্ধানও মেলেনি


নিখোঁজ অপর ছাত্র তামিমের বাবা আবদুস সাত্তার জানান, তাঁর ছেলে এর আগেও দুবার মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে চলে গিয়েছিল। এবারও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকেরা সাধারণ ডায়েরি করেছেন। তাদের ছবি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে।


ইমোতে অর্থ দাবির বিষয়ে ওসি বলেন, যে নম্বরটি দেওয়া হয়েছে, সেটি যাচাই করে দেখা হয়েছে। নম্বরটি প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। অনেক সময় নিখোঁজের ঘটনা ঘটলে কিছু প্রতারক চক্র এমন সুযোগ নেওয়ার চেষ্টা করে।


তিনি আরও বলেন, ইমোতে পাঠানো কয়েক সেকেন্ডের ভিডিওটি অস্পষ্ট। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। দুই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।


নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান ও ভিডিও কলের মাধ্যমে অর্থ দাবির অভিযোগটি তদন্ত করছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17699
Page of