logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শ্রীমঙ্গলে ডিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ইয়ামাহা জব্দ

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে ২৮টি চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে নম্বরপ্লেটবিহীন একটি ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের নুর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেলটি ঘুরিয়ে বিপরীত দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে ডিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।


আটকের পর মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে মিল্টন সরকার তা দেখাতে পারেননি। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে রাত সোয়া ৪টার দিকে নম্বরপ্লেটবিহীন নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।


বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগ


জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মিল্টন সরকারকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং চক্রটির অন্যতম মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিলেন।


পুলিশ আরও জানায়, নিজের পরিচয় গোপন রাখতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করতেন। কখনো ‘মিল্টন কুমার সাহা’, কখনো ‘মিল্টন সরকার’ এবং কখনো ‘মো. সোহেল’ নামে পরিচয় দেওয়ার তথ্য পাওয়া গেছে।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তার মিল্টন সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি এবং মৌলভীবাজারে পাঁচটিসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা বিচারাধীন রয়েছে।


এর আগেও চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার


পুলিশ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে মিল্টন সরকারকে দুটি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করেছিল মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।


সর্বশেষ অভিযানে তাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17650
Page of