logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, ইজারাদারকে লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন, ইজারাদারকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর:

সিলেটের জৈন্তাপুরে নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় টাস্কফোর্সের সমন্বিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়গাং এলাকায় নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।


পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট ইজারাদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। অভিযানে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ এবং বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা সহযোগিতা করেন।


সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ দেওয়া হবে না। সরকারি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


উল্লেখ্য, জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এর আগেও প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৫ আগস্ট বড়গাং এলাকায় একই ধরনের অভিযানে একজনকে ১ লাখ টাকা জরিমানা এবং বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছিল।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17498
Page of