logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৮ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার, জব্দ প্রাইভেটকার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরতলীর বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।


পুলিশ সূত্রে জানা যায়, রাত্রিকালীন কিলো ডিউটির সময় পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে অবস্থান করছে। তারা অন্য সহযোগীদের জন্য অপেক্ষা করছে এবং একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।


খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দিলে গাড়ির বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করে পুলিশ।


পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, কাঠের হাতলযুক্ত একটি ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার ও একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।


এ ছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য।


পুলিশের সিডিএমএস যাচাই অনুযায়ী, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী ও শিশু নির্যাতন আইনের পাঁচটি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।


এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা করেছে।


পুলিশ জানিয়েছে, পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17063
Page of