logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে উন্নয়নমূলক কাজ ও ময়লার ভাগার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন
শ্রীমঙ্গলে উন্নয়নমূলক কাজ ও ময়লার ভাগার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।


শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


মতবিনিময়কালে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে তাঁর দৃষ্টি থাকবে বলেও আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ।


পরে প্রতিমন্ত্রী পৌরসভার হরিজন সম্প্রদায়ের লোকজনের আবাসন প্রকল্পের সাততলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। এ ছাড়া ভিক্টোরিয়া হাইস্কুল খেলার মাঠে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং উপজেলার মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন।


এর আগে ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।


ময়লার ভাগার সরানোর উদ্যোগ


পরে প্রতিমন্ত্রী সমস্যা জর্জরিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ কিছু বিষয় দেখার জন্য তাঁকে শ্রীমঙ্গলে পাঠিয়েছেন। ময়লার ভাগারের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে।


তিনি বলেন, তিনি ও স্থানীয় সংসদ সদস্যসহ একটি সিদ্ধান্ত দিয়েছেন—শহর থেকে একটু দূরে সরকারি কোনো নিরাপদ জায়গায়, যাতে পরিবেশের ক্ষতি না হয়, এমন স্থানে ময়লার ভাগারটি সরিয়ে নেওয়া হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, ময়লার ভাগারকে কেন্দ্র করে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট করা যায় কি না, সে বিষয়েও কাজ করা হবে। সেখান থেকে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16989
Page of