সিলেটের উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব হয়েছে’ — ইমদাদ হোসেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লোলগ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল রবিবার (১৪ জুন) পরিদর্শন শেষে তিনি এলাকার মুরব্বিয়ান ও স্থানীয় যুবসমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসেই দেশজুড়ে অভূতপূর্ব সাড়া সৃষ্টি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার কাজ চলছে। জনগণের এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর। তাঁর ভাষ্য অনুযায়ী, তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে বৈষম্য থাকবে না, মেধার মূল্যায়ন হবে এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনই তাঁর মূল লক্ষ্য।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মেয়র সিলেট নগরীর কোনো প্রকৃত উন্নয়ন করেননি; বরং উন্নয়নের আড়ালে দলীয়করণ ও লুটপাটের মহোৎসব চালিয়েছেন।” তিনি আরও বলেন, বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে এবং সিলেট নগরবাসীসহ দেশবাসী তাদের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন।
কল্লোলগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুর্দশার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত ছিলেন। ফ্যাসিবাদী শাসনামলে কল্লোলগ্রামের রাস্তাঘাট সংস্কার না করে বছরের পর বছর সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করা হবে এবং কল্লোলগ্রাম আর অবহেলিত থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে দেশের শোষিত, বঞ্চিত ও সাধারণ মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির এক যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে চাল, ডাল, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সরকারের এ গণমুখী পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিত্যপণ্যের বাজারমূল্য সহনীয় রাখতে ভূমিকা রাখবে। একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার এ বাজেট প্রণয়ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সমাজসেবী আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, বেলাল উদ্দিন, হান্নু মিয়া, রজি মিয়া, আমিন উদ্দিন, দুলা আহমদ, হিমেল আহমদ, শাহবুদ্দিন, নাবিল আহমদ, মাসুম আহমদ, আলেখ মিয়া, জসিম উদ্দিন, তাহমিদ আহমদ, আব্দুস সামাদ, ফরহাদ আহমদ, ফখর উদ্দিন, রফিক উদ্দিন, তাজ উদ্দিন, আব্দুন নুর, সুবেদ আহমদ, জুবেদ আহমদ, মুহিন আহমদ, সালাউদ্দিন, এমদাদ আহমদ, সাফওয়ান আহমদ, আরিয়ান আহমদ, রাইয়ান আহমদ, জেনাম আহমদ, আশুর মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এবং বিপুলসংখ্যক যুবসমাজ।