টানা বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম, জনজীবনে চরম দুর্ভোগ
মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অবিরাম বৃষ্টিপাতে শহরজুড়ে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহর ও আঞ্চলিক সড়কে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যা কমে গেছে। পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরাও বিপাকে পড়েছেন। অনেকেই হোটেল ও রিসোর্টের কক্ষেই সময় কাটাতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া, পূর্ব শ্রীমঙ্গল, সবুজবাগ, লালবাগ, রুপসপুরসহ আশিদ্রোন ইউনিয়নের রামনগর, গাজিপুর ও মুসলিমবাগ এলাকার শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজিপুর সড়ক ও স্থানীয় কবরস্থান পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
দুই ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। নিচু এলাকার দোকানপাট প্লাবিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা জানান, শাখামুড়া ছড়া দখল ও অপরিকল্পিত নির্মাণের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।