জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে খসরুর শুভেচ্ছা
জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গফফার চৌধুরী খসরু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সভাপতি ইসমাইল হুসাইন ও সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম ছাব্বিরের নেতৃত্বে প্রেসক্লাবটি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা থাকবে—তারা যেন গুজব ও অপপ্রচার রোধে সচেষ্ট থেকে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়।”
আব্দুল গফফার চৌধুরী খসরু নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করে বলেন, “আমি আশা করি, এই কমিটির হাত ধরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব একটি আদর্শ ও শক্তিশালী গণমাধ্যম সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
তিনি সংশ্লিষ্ট সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।