Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি শিক্ষা রিপোর্ট WP Import

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, পরীক্ষা হবে বিকেলে

০৬ জানুয়ারি ২০২৬ • ১২:১১ পূর্বাহ্ন
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, পরীক্ষা হবে বিকেলে

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বিকেলে।

 

রবিবার ৪ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এবারের নিয়োগে শূন্য পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসাবে গড়ে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

 

পরীক্ষার সময় পরিবর্তন হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাবলি আগের মতোই বহাল থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com