ঢাকা: শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে স্বল্প সময়ের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন এবং মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে নিম্নতম মজুরি ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত তিন বছরে গ্রেডভেদে শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করেছেন। অন্যদিকে মালিকপক্ষও এসব দাবির বিরোধিতা না করে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। আন্দোলনের শুরু থেকে মজুরি বোর্ডের কার্যক্রম পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। মালিকপক্ষের প্রতিনিধিরাও মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়েছেন। এ জন্য উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধান চেয়েছেন তিনি। মজুরি বোর্ড সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তিনি দেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিন বছরে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকটসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের কোনো প্রভাব ছাড়াই বোর্ড স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে মজুরি নির্ধারণ করেছে।
তিনি জানান, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, গত তিন বছরে গ্রেডভেদে পোশাকশ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। টাকার হিসাবে এই বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা।
মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, বোনাস ও ওভারটাইম যুক্ত হলে বিপুলসংখ্যক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন।
মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, দেশের অন্যান্য শিল্পের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের জন্য সাতটি বিশেষায়িত হাসপাতাল ও আবাসন প্রকল্প
শুধু মজুরি বৃদ্ধি নয়, শ্রমিকদের সামগ্রিক জীবনমান উন্নয়নেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান মাহদী আমিন।
তিনি বলেন, শ্রমঘন এলাকাগুলোতে ভর্তুকি মূল্যে চাল বিক্রির ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং পোশাকশ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মজুরি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও যানবাহনের ভাড়া যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলে জানান তিনি।
শিল্পের উন্নয়ন ও শ্রমিকের কল্যাণ পরস্পর নির্ভরশীল
শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একইভাবে মালিকদের আর্থিক ও উৎপাদন সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও সম্প্রসারিত হবে।
সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে নতুন মজুরি কাঠামোকে আরও অর্থবহ করে তোলার আশ্বাস দেন তিনি।
শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মাহদী আমিন সক্ষম মালিকদের নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন দেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে সব মালিককে শ্রম আইন মেনে চলার আহ্বান জানান তিনি।