সুনামগঞ্জে নবাগত শিক্ষানবিশ এএসপিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন পুলিশ সুপার
সুনামগঞ্জ :
বিসিএস (পুলিশ ক্যাডার)-এ উত্তীর্ণ নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাদের বরণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিন।
অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন নবাগত কর্মকর্তাদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। তিনি সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নবাগত কর্মকর্তারা তাঁদের পেশাগত জীবনের শুরু থেকেই দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।