Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জয়ের প্রত্যাশায় শুক্রবার মাঠে নামছে জৈন্তাপুর, উন্মোচন হলো উপজেলা ফুটবল দলের জার্সি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত জৈন্তাপুর উপজেলা ফুটবল দল। ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের জার্সি।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জৈন্তাপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দলের জার্সি উন্মোচন করা হয়। আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা রয়েছে জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের।


জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা তাঁতী দলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন উর-রশিদ সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, এবং সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াবিদ ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও সহায়ক। জৈন্তাপুরের খেলোয়াড়দের মধ্যে প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জেলা ও জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।


বক্তারা আরও বলেন, টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা দলের অংশগ্রহণ উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ। খেলোয়াড়দের মনোবল ও ঐক্য ধরে রেখে মাঠে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার পাশাপাশি জৈন্তাপুরের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


এ সময় উপস্থিত অতিথিরা জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের শুভকামনা জানান এবং প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সিলেটের ১৩টি উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের মধ্য দিয়ে সিলেটের ফুটবলে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com