Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১২:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

স্পিকারের সফর সফল করতে জকিগঞ্জে এমপি আবুল হাসানের ব্যাপক তৎপরতা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১২:৫০ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফর সফল করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।


স্পিকারের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম অঞ্চল ও আটগ্রাম সুরমা নদীর খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য আবুল হাসান। এ সময় সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।


পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বীর আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সিলেট জেলা ইসলামী যুব মজলিসের সহসভাপতি খায়রুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।


এরপর সংসদ সদস্য কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘীরপার ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধি পরিদর্শন করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর কবরও জিয়ারত করেন।


এদিকে স্পিকারের সফরকে সামনে রেখে গত ২১ নভেম্বর সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ। সভায় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারযোগে জকিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের। সফরকালে তিনি কানাইঘাটের সাতবাঁক এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত, জকিগঞ্জের চারিগ্রামে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


স্পিকারের এ সফরকে ঘিরে জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবিও নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকদের দাবি, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে হানাদারমুক্ত হওয়া জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানও জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে জকিগঞ্জকে প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।


স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের এ সফরের মধ্য দিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ এবং ঐতিহাসিক জনপদটির যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির পথ সুগম হবে।


উল্লেখ্য, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তাঁর এবারের সফরকে ঘিরে তাই স্থানীয় মানুষের মধ্যে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com