Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
নৌকায় ছিলেন ছয়জন, সাঁতরে প্রাণে বাঁচলেন চারজন; নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দলের অভিযান

জামালগঞ্জে গভীর রাতে সুরমা নদীতে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক

২৬ নভেম্বর ২০২৬ • ০৩:২০ পূর্বাহ্ন

 জামালগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের জামালগঞ্জে গভীর রাতে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাঁদের মধ্যে দুজন আহত হয়েছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান চালাচ্ছে।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।


স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু ধারণক্ষমতাসম্পন্ন। বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। ওই সময় নৌকায় ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অপর চারজন বালুর ওপর বসে ছিলেন।


রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।


দুর্ঘটনায় মোস্তাকিম (২২) ও সুমন (২০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।


ঘটনার পরপরই নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com