ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬:
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।
বুধবার (২৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে অতীতে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবারের হার বেশি।
মন্ত্রী বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যাতে শ্রমিকেরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে সরকার। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।
উল্লেখ্য, নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটি হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।