জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বীরশ্রী ইউনিয়নের টুকেরবাজার (ভিঙ্গাইর বাজার) শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডনপ্রবাসী আবুল কালাম আজাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুকেরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী খলিল উদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। স্বাগত বক্তব্য দেন গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ বিবেক বিহারি দাস।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন, স্বাধীনতার এত বছর পর জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন ধরে প্রতিবছর ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত দিবস পালন করে আসছেন। কিন্তু এত দিন এ বিষয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। বর্তমানে স্বীকৃতি দেওয়া হলেও অনেক মুক্তিযোদ্ধা তা দেখে যেতে পারেননি। তাঁদের আত্মা নিশ্চয়ই এ স্বীকৃতিতে আনন্দিত হবে।
তিনি জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ায় সরকার, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বীরশ্রী ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় আয়োজক আবুল কালাম আজাদের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের যথাযথ সম্মান দেওয়া নতুন প্রজন্মের নৈতিক দায়িত্ব। জকিগঞ্জের ঐতিহাসিক মুক্তাঞ্চলের স্বীকৃতি মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের বীরশ্রী ইউনিয়ন কমান্ডার মুজিবুর রহমান, শেরুলভাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি জোতিষ চন্দ্র পাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও ব্যবসায়ী হাফিজ মোস্তাক আহমদ, সমাজসেবী হারুনুর রশীদ, সাংবাদিক এনামুল হক মুন্না এবং ব্যবসায়ী আব্দুশ শহীদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজ মজুমদার ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন এবং গীতা পাঠ করেন জোতিষ চন্দ্র পাল।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনসহ বীরশ্রী ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জকিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার বসবাস বীরশ্রী ইউনিয়নে।
সংবর্ধনা অনুষ্ঠানে ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।