Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: মাগুরছড়ায় খাসিয়াদের বর্ণিল ‘সেং কুটস্নেম’ উৎসব

২৪ নভেম্বর ২০২৬ • ০৭:০৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে উদযাপিত হয়েছে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে মিলিত হন দেশের বিভিন্ন এলাকার খাসিয়া সম্প্রদায়ের মানুষ।


সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে চলে উৎসবের নানা আয়োজন। বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতার ছাউনিতে তৈরি মঞ্চ, ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষের উপস্থিতি, লোকজ সুর ও নৃত্য পরিবেশনায় পুরো এলাকা পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।


খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার তাগিদে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি বৃহৎ পরিসরে পালিত হয়ে আসছে।


উৎসবের দিন সকালে নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মাগুরছড়া পুঞ্জি মাঠে উপস্থিত হন। দেশের বিভিন্ন এলাকার খাসিয়া জনগোষ্ঠীর মানুষের মিলন ঘটে এ আয়োজনে। মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে সম্প্রীতির মিলনমেলা।


লোকজ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মাতোয়ারা দর্শনার্থীরা


নতুন প্রজন্মের কাছে খাসিয়া জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বিলুপ্তপ্রায় লোকজ খেলাধুলা তুলে ধরতে দিনব্যাপী নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এর মধ্যে ছিল খাসিয়া ঐতিহ্যবাহী পোশাকে নারী শিল্পীদের মনোমুগ্ধকর লোকনৃত্য, নিজস্ব ভাষায় গান পরিবেশনা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো, গুলতি নিক্ষেপ এবং খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী পান গুছানোর আয়োজন। তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে মুঠোফোন পুরস্কার জয়ের প্রতিযোগিতা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে।


আলোচনা সভায় অতিথিরা


খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সভাপতির বক্তব্যে জিডিসন সুচিয়াং বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ নিজস্ব বৈচিত্র্য বজায় রেখে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এ আয়োজনের মধ্য দিয়ে খাসিয়া জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতি সবার সামনে তুলে ধরে।


সব মিলিয়ে মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে ‘সেং কুটস্নেম’ শুধু একটি বর্ষবিদায় উৎসব নয়; এটি খাসিয়া জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয় সংরক্ষণের এক প্রাণবন্ত আয়োজন। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য মিলনমেলা।

বিজ্ঞাপন channeljaintanews24.com