Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১২:৩৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে সোনামিয়া হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১২:৩৫ পূর্বাহ্ন

সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ হামলায় সোনামিয়া হত্যা মামলায় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।


সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯, সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশ্বনাথ থানার দিঘলী দত্তপুর গ্রামের মৃত নরী চন্দ্রের ছেলে হেলাল চন্দ্র (৪০) এবং একই গ্রামের নগেন্দ্র কুমার চন্দ্রের ছেলে পিয়ুষ চন্দ্র (৫০)। তাঁরা বিশ্বনাথ থানায় দায়ের করা সোনামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ ও ৫ নম্বর পলাতক আসামি।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ থানাধীন মান্দাবাজ এলাকায় ভিকটিম সোনামিয়ার ভাগিনা অটোরিকশাচালক রুবেল আহমদের সঙ্গে ১ নম্বর বিবাদী কাঞ্চন চক্রবর্তীর রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা নিয়ে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল আহমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন।


এ ঘটনার খবর পেয়ে সোনামিয়া ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়। এ সময় কাঞ্চন চক্রবর্তী ধারালো দা দিয়ে জয়নাল মিয়ার মাথায় আঘাত করেন। অন্যদিকে নাজমা বেগমকে কাঠের রুইল দিয়ে আঘাত করে আহত করা হয়। একপর্যায়ে তাঁকে চুল ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে মারধর করা হয়।


এ সময় সোনামিয়া বাধা দিতে গেলে হামলাকারীরা লোহার পাইপ দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধে। পরে আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরিবারের সদস্যরা সোনামিয়াকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তাঁর মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বনাথ থানার মামলা নম্বর-১১, তারিখ ১২ নভেম্বর ২০২৬; দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৫৪/৩০৭/১১৪/৫০৬(২) ধারার সঙ্গে পরবর্তী সময়ে ৩০২ ধারা সংযোজন করা হয়।


গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com