সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে। তবে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সংকেত পেয়ে চালকসহ ২-৩ জন ব্যক্তি ট্রাকটি ফেলে পালিয়ে যান।
শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী থেকে স্বফিণরগামী সড়কের মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সিলেট-ড-১১-১৭১৭ নম্বরের একটি মিনি ট্রাক আসতে দেখে পুলিশ সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেন। পুলিশের সংকেত পেয়ে ট্রাকে থাকা চালক ও অপর ২-৩ জন ব্যক্তি গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান।
পরে পুলিশ মিনি ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করে। জব্দ করা এসব শুঁটকির আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে শুঁটকি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।
এ ঘটনায় ২২ নভেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২০। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।