মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় মৌলভীবাজারে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (২২ নভেম্বর) শহরের চুবড়া রোড ও শ্রীমঙ্গল রোড এলাকায় অভিযান চালিয়ে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে শহরের চুবড়া রোড এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলায় একটি ফুচকার কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিন শহরের শ্রীমঙ্গল রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ-বিন-জামান। এ অভিযানে একই আইনের ৫৩ ধারায় একটি মামলায় একটি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান দুটিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। এ ছাড়া অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।