সুনামগঞ্জ :
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় কর্মরত আরও নয়জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে।
বদলি হওয়া অন্য পুলিশ পরিদর্শকেরা হলেন—তৈমুর ইসলাম, মোহাম্মদ মনিরুল হক ডাবলু, মো. হাসানুজ্জামান, এ টি এম আরিচুল হক, এস এম জাবীদ হাসান, সুজিত মিস্ত্রী, মো. মাহমুদুর রহমান, মো. আবু বকর সিদ্দিক ও মো. হোসেন আল মাহাবুব।
ঢাকা রেঞ্জের আওতায় রয়েছে ১৩টি জেলা। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
তবে বদলি হওয়া কর্মকর্তাদের প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো থানায় পদায়নের কথা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, পুলিশ পরিদর্শকদের মধ্য থেকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে বদলি হওয়া ১০ কর্মকর্তার মধ্যে তৈমুর ইসলাম, মোহাম্মদ মনিরুল হক ডাবলু ও মো. হাসানুজ্জামান আগে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত ছিলেন। একই প্রজ্ঞাপনে তাঁদের সংযুক্তির আদেশও বাতিল করা হয়েছে।